প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবন পর্যবেক্ষণ এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার, ২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। সফরসূচি অনুযায়ী, তিনি সকালে হেলিকপ্টারে ঢাকায় থেকে রওনা হয়ে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন।
এরপর প্রধানমন্ত্রী খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং সেখান থেকে নৌপথে মোংলা নৌঘাঁটিতে যাবেন। মধ্যাহ্নবিরতির পর বিকেলে তিনি মোংলা বন্দরের জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। সফরে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সফরকে ঘিরে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের মধ্যে উপকূলীয় উন্নয়ন ও দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত খানজাহান আলী বিমানবন্দর চালু হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, সুন্দরবন, বন্দর ও অর্থনৈতিক অঞ্চলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।