সরকারি কর্মচারীদের চাকরি-সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। সাধারণ শাখা থেকে সম্প্রতি জারি করা উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের তদবির বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পত্রে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ও দায়িত্ব পালনের মানদণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ বিস্তারিত রয়েছে। সম্প্রতি কিছু কর্মচারী চাকরির বিভিন্ন বিষয়ে তদবিরের জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন বলে উল্লেখ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, এটি ১৯৭৯ সালের বিধিমালার বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণ।
নির্দেশনায় বলা হয়েছে, কর্মচারীর পক্ষে অন্য কারও মাধ্যমে অনাকাঙ্ক্ষিত তদবির করানো হলে বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে। তবে কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষকে এমন আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।