ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এই আদেশ দেন। ডিবির ওসি শামসুল আলম শাহ জানান, রিমান্ড শেষে জিসানকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ জুন রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় জিসানকে উদ্ধার করা হয়। ওই রাতে এক নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং আরও তিনজনকে সহযোগী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর আগে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। রোববার ডিবি পুলিশ আট দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
জিসান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। মামলার অন্য তিন আসামি হলেন সেকান্দর আলী, গোলাম রাব্বী ও সজীব হাসান।