বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, রাস্তায় একটি বাইসাইকেল ও গলার মাফলার পড়ে থাকতে দেখে তারা মালিককে খুঁজতে শুরু করেন। পরে সাইকেলের কাছাকাছি ডোবার পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দেলোয়ার হোসেন দলের সক্রিয় কর্মী ছিলেন এবং তার সঙ্গে এলাকার কয়েকজনের বিরোধ ছিল। তাদের ধারণা, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে মাথার বাম পাশে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।