জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন, সিগারেট, ওষুধ, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংসহ ১১টি খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীর জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। ভ্যাট অনুবিভাগ রোববার এ আদেশ জারি করেছে এবং জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। এ জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করতে হবে।
তালিকাভুক্ত খাতগুলো হলো মোবাইল ফোন, সিগারেট, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এ দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে আদেশটি প্রযোজ্য হবে। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়ে আগে জারি করা আদেশগুলো নতুন আদেশ কার্যকর হওয়ার পর বাতিল বলে গণ্য হবে। প্রয়োজন অনুযায়ী তালিকায় নতুন খাত যোগ বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।