মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, ওমান সাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইরান রেডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠায়। সতর্কতা উপেক্ষা করায় ইরানের নৌবাহিনী পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কঠোর অবস্থান নেয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও যুদ্ধ ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, এ ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের পরিণতি আমেরিকান-জায়নিস্ট শত্রুকেই ভোগ করতে হবে।
হরমুজ প্রণালির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ হওয়ায় যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।