ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, গাজার খান ইউনিসে ইসরাইলি অভিযানে হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে তারা অভিযানটিকে ‘নির্ভুল অভিযান’ বলে বর্ণনা করেন এবং ইসরাইলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন।
এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে জানানো হয়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। তবে ওই হামলাই নেতানিয়াহু ও কাৎজের বিবৃতিতে উল্লেখ করা ঘটনা কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
গাজার অন্য এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। খান ইউনিসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। যৌথ বিবৃতিতে এসব হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।