রংপুর মহানগরীতে কেবল ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সন্ধ্যায় ক্যাবল ওয়ান অফিসে হামলার ঘটনা ঘটে। এ সময় অফিসের ম্যানেজারকে মারধর করা হয় এবং জেনারেল ম্যানেজারকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার পর রাতেই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, গালিবের পক্ষে ফিড মালিকানা পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং এর আগে তার নেতৃত্বে ডিশের লাইন কেটে দেওয়া হয়েছিল। হামলায় অফিসের সরঞ্জাম ভাঙচুর হয় এবং কর্মীরা পালিয়ে যান।
বহিষ্কারপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।