কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। শত শত মানুষ সেখানে জড়ো হয়ে মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, কৃষি বিভাগের প্রতিবেদনে প্রতি কেজি আলু সংরক্ষণে ৩ থেকে ৪ টাকা খরচের কথা উল্লেখ আছে। কিন্তু কোল্ড স্টোরেজ মালিকরা ৭ টাকার নিচে ভাড়া নিতে চাইছেন না। উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে ইতোমধ্যে বিপুল ব্যয় হয়েছে উল্লেখ করে তারা বলেন, অতিরিক্ত ভাড়া যুক্ত হলে বাজারমূল্য কমে যাওয়ার পরিস্থিতিতে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
অবরোধে আলুচাষি নেতা আলতাফ হোসেন, সরওয়ার আলীসহ অন্য নেতারা বক্তব্য দেন। আন্দোলনকারীরা শনিবারের মধ্যে দাবি মানার আহ্বান জানান। দাবি না মানলে রোববার রংপুরের সব কোল্ড স্টোরেজে গিয়ে প্রতি কেজি ৫ টাকা হারে ভাড়া দিয়ে নিজেদের সংরক্ষিত আলু বের করে নেওয়ার ঘোষণা দেন তারা। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।