বরগুনার বামনা উপজেলায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা অবস্থায় জীবিত উদ্ধার হওয়া এক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেলে আগৈলঝাড়ার ছোটমনি নিবাস থেকে অ্যাম্বুলেন্সে শিশুটিকে ঢাকা মাতৃসদন শিশু হাসপাতালে পাঠানো হয় বলে বিভাগীয় কমিশনার নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বামনার সোনাখালী গ্রামে ফায়ার সার্ভিস ইউনিটের সামনে ফজলুর দোকানের পেছনে নারিকেল গাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, তখন শিশুটির নাড়ি কাটা হয়নি এবং শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ছিল। তাকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাড়ি কেটে প্রাথমিক চিকিৎসা দেন।
পরে শিশুটিকে পরিচর্যার জন্য আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে পাঠানো হয়। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে উন্নত অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়া হয়। একজন চিকিৎসক, নার্স, সমাজসেবা কর্মকর্তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সঙ্গে ছিল। স্থানীয়দের মধ্যে ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে; তারা শিশুটির মা-বাবার পরিচয় এবং ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত অভিভাবকত্ব নিশ্চিতের দাবি জানিয়েছেন।