রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে তিনি উল্লেখ করেন, এটি আদালতের বিষয়।
মন্ত্রী বলেন, এই ঘটনা সামাজিক অবক্ষয়ের প্রতিফলন এবং সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি জানান, সরকার দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। রামিসা হত্যার ঘটনায় অভিযুক্তকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়, সে আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং তার স্ত্রীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ ও ময়নাতদন্ত তিন দিনের মধ্যে সম্পন্ন হয় এবং চার্জশিটও দ্রুত আদালতে জমা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, মামলাটির জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতি আদালতের ছুটি বাতিলের চিন্তা করছেন।