Web Analytics
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে সোমবার চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে বারবার এ সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় সোমবার দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় এবং ঢাকায় ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাত কমে যাওয়ায় এই গরম অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

মঙ্গলবার রাত একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গাণিতিক মডেল অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবে পরিস্থিতি প্রাকৃতিক হওয়ায় তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২৩ সেপ্টেম্বর থেকে উপকূলীয় এলাকাসহ দেশে বৃষ্টি বাড়তে পারে; বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধির কথা বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।