হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। লেনদেন চলাকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৩ শতাংশ বাড়লেও দিন শেষে প্রতি ব্যারেলে ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১০১ দশমিক ২৯ ডলারে স্থির হয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছায়।
রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ বলেন, বাজারে অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে জোরালো বিশ্বাস রয়েছে। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি এমন যে হয় বড় কোনো কূটনৈতিক সাফল্য আসতে পারে, নয়তো নতুন সংঘাত শুরু হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, বাজারে ধারণা তৈরি হয়েছে যে দ্রুতই একটি প্রাথমিক সমঝোতা হতে পারে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে দুই দেশ একটি চূড়ান্ত মতৈক্যে পৌঁছাতে পারে।