জাতীয় সংসদে সংসদ সদস্য রেহানা আক্তার রানু অভিযোগ করেছেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভনে রাশিয়ায় যাওয়া বাংলাদেশি তরুণদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে জোরপূর্বক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে। সোমবার জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে বিধি-৭১-এর অধীনে বক্তব্যে তিনি বলেন, তাদের মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে।
তিনি বলেন, উন্নত জীবনের আশায় অনেক তরুণ কড়া সুদে ঋণ নিয়েছেন এবং ভিটেমাটি বিক্রি করে রাশিয়ায় গেছেন। কিন্তু সেখানে চাকরির বদলে তাদের সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত তিন বছরে এভাবে যুদ্ধে জড়িয়ে ৫৪ জন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। নিহতদের মরদেহ দেশে আনা যাচ্ছে না বলেও তিনি জানান।
রানু সতর্ক করেন, পাচারকারী চক্র এআই, ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে। তিনি প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রযুক্তিগত ও কূটনৈতিক পদক্ষেপ, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং যুদ্ধক্ষেত্রে আটকে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর দাবি জানান।