জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান এবং বলেন, রমজান তাকওয়া, সহনশীলতা ও সহানুভূতির মাস।
তিনি বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের দাম না বাড়াতে পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সব ধরনের সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান এবং দরিদ্র মানুষের জন্য প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা গণতন্ত্রের পথে নতুন যাত্রা। তিনি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।