বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব, নিকাব ও পর্দা নিয়ে সংসদে দেওয়া মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রোববার রাতে বিক্ষোভ মিছিল করেছে। রাত সাড়ে ১০টার দিকে মুরাদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা হিজাবের পক্ষে ও ইসলামবিরোধী মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাবি শিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, সংসদ সদস্যের মন্তব্য অনভিপ্রেত ও অসম্মানজনক। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি করেন। জাবি শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সংসদের মতো জায়গায় হিজাব ও পর্দাকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভকারীরা মনিরুল হকের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।