তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জবাবদিহিতা এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে কমিশনের খসড়া প্রস্তুত হবে। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাটির আয়োজন করে বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন এবং জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। মন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় গ্রহণযোগ্য কমিশন গঠন করা সম্ভব হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, কমিশন গঠিত হলে সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি হবে এবং অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিটিএমএ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশালের বিভিন্ন প্রেস ক্লাব ও নানা গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।