উত্তর ইসরাইলের মিসগাভ আম এলাকায় এক ইসরাইলি নাগরিকের মৃত্যুর তদন্তে জানা গেছে, তিনি লেবাননের কোনো হামলায় নয়, বরং ইসরাইলি বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা যায়, সীমান্তের কাছে মোতায়েন করা একটি ইসরাইলি আর্টিলারি ব্যাটারি লেবাননের ভেতরে গোলাবর্ষণ করার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা ওই কিবুতজ এলাকায় পড়ে। এতে ৬০ বছর বয়সী ওফার মস্কোভিটস ২২ মার্চ, রোববার নিহত হন।
ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী প্রথমে দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তারা অবস্থান পরিবর্তন করে জানায়, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে একটি ব্যাপক তদন্ত চলছে।
নিজেদের গোলায় নাগরিক নিহতের এই স্বীকারোক্তি ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি ও সীমান্ত সংঘাতের ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে।