মার্কিন ফেডারেল আদালত ওয়াল স্ট্রিট জার্নাল, এর মালিক রুপার্ট মারডক ও অন্যদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করেছেন। শনিবার মিয়ামির আদালতে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ড্যারিন গেইলস এ রায় দেন। তিনি বলেন, মানহানির দাবি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ প্রমাণ করতে পারেননি ট্রাম্প। মামলাটি ছিল ২০২৫ সালের ১৭ জুলাই প্রকাশিত জেফরি এপস্টিন-সংক্রান্ত ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে।
বিচারক গেইলস বলেন, সংশোধিত অভিযোগে প্রকৃত বিদ্বেষ প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রের আইনে মানহানির অভিযোগে বাদীকে দেখাতে হয় যে বিবাদী জেনেশুনে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন অথবা সত্যতা যাচাইয়ে বেপরোয়া অবহেলা করেছেন। বিচারক ট্রাম্পকে ‘খড়কুটো আঁকড়ে ধরছেন’ বলে মন্তব্য করেন এবং বলেন, বিদ্বেষের অভিযোগগুলো অস্পষ্ট, কখনো প্রতিবেদনের সঙ্গে অসংগতিপূর্ণ ও তথ্য মিথ্যা জানতেন কি না তা নির্ধারণে প্রায়ই অপ্রাসঙ্গিক।
প্রতিবেদনে এপস্টিনের ২০০৩ সালের জন্মদিনের শুভেচ্ছাপত্রের সংকলনে ট্রাম্পের নামে একটি চিঠির কথা বলা হয়। ট্রাম্প চিঠির লেখা, স্বাক্ষর ও ছবির দায় অস্বীকার করেন; পরে প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির মাধ্যমে এর একটি অনুলিপি প্রকাশিত হয়। এপ্রিলের প্রথম খারিজ আদেশের পর ট্রাম্পকে সংশোধিত অভিযোগ জমার সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি মে মাসে তা করেন। এবার মামলা ‘উইথ প্রেজুডিস’ খারিজ হওয়ায় একই বিষয়ে নতুন মামলা করা যাবে না।