সিরিয়াকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করেছে ইসরাইলি গণমাধ্যম। তাদের আশঙ্কা, এ বিরোধ বাড়তে থাকলে ইসরাইলের সামনে নতুন যুদ্ধফ্রন্ট খুলে যেতে পারে। ১৮ আগস্ট উত্তর সিরিয়ার আবু আল-দুহুর সামরিক ঘাঁটিতে ইসরাইলি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হারেৎজ বলেছে, নেতানিয়াহুর নীতি ইসরাইলকে আরেকটি ‘অপ্রয়োজনীয় সংঘাতে’ জড়ানোর ঝুঁকি তৈরি করছে এবং নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় সামরিক হামলা হতে পারে না। তুরস্ক ন্যাটোর সদস্য ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হওয়ায় সম্ভাব্য সংঘাতের বড় মূল্য দিতে হতে পারে বলেও পত্রিকাটি সতর্ক করেছে। ইয়েনেটের মতে, উত্তেজনা চলমান আঞ্চলিক সংঘাতে নতুন বা ‘অষ্টম ফ্রন্ট’ তৈরি করতে পারে। মারিভও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে নতুন যুদ্ধফ্রন্টের আশঙ্কার কথা জানিয়েছে।
ইসরাইল বলেছে, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ার আশঙ্কায় তারা হামলা চালিয়েছে; তুরস্ক ও যুক্তরাষ্ট্র এ দাবির সমালোচনা করেছে। হামলার পর দামেস্ক ইসরাইলের সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সরাসরি সংঘাতের কোনো কারণ নেই।