গাজাভিমুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের প্রতি ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারা বলেন, বেন-গ্যভিরের এই আচরণ ‘ঘৃণ্য ও অমানবিক’ এবং এটি ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের সামগ্রিক আচরণের প্রতিফলন।
সিনেটর মার্কলি বলেন, গাজার ধ্বংসপ্রাপ্ত জনপদ ও মরিয়া পরিবারগুলোর ছবি মানুষকে প্রতিবাদে উদ্বুদ্ধ করে। ভ্যান হোলেন প্রশ্ন তোলেন, ক্যামেরার সামনে এমন আচরণ করলে বেন-গ্যভির গোপনে আটক বন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে পারেন। তিনি এই আচরণকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অনেক আগেই তার (বেন-গ্যভির) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল।
ডেমোক্র্যাট দলীয় এই দুই সিনেটর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সক্রিয় এবং এর আগে গাজা অবরোধের পরিস্থিতি দেখতে রাফা সীমান্ত পরিদর্শন করেছিলেন।