Web Analytics
সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ২১ জেলের মধ্যে চারজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড, তবে এখনো ১৭ জন জিম্মি রয়েছেন। সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। রোববার দুপুর দুইটার দিকে শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া চার জেলে হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। কোস্ট গার্ড জানায়, তারা সম্রাট বাহিনীর হাতে জিম্মি ছিলেন। বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করছে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের কয়েকটি এলাকা থেকে ২১ জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। স্বজনরা বাকি জেলেদের দ্রুত ও নিরাপদ উদ্ধারে জোরালো অভিযানের দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।