স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেখানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, এবারের ডেঙ্গুতে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে এবং এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তিনি বলেন, হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা থাকায় আগেভাগেই সচেতন হওয়া জরুরি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আবদুস সালাম জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, জনগণ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।