বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, তিনি কথা কম বলে কাজ বেশি করতে চান। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গভর্নরের প্রাথমিক নির্দেশনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
মুখপাত্র জানান, গভর্নর বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু ও অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করে সেই ভিত্তিতে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পণ্যমূল্য স্থিতিশীল রাখা এবং বিনিয়োগে প্রতিবন্ধক উচ্চ সুদের হার পর্যালোচনার কথাও বলেন।
গভর্নর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে নিয়ম-ভিত্তিক ও বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।