নড়াইলে চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হলেও নতুন ধান বাজারে আসতেই দাম কমতে শুরু করেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় চাষিদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার জেলার সবচেয়ে বড় পাইকারি ধানের হাট তুলারামপুরে গত বছরের তুলনায় মণপ্রতি অন্তত ২০০ থেকে ২৫০ টাকা কম দরে ধান বিক্রি হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হলে সরবরাহ বাড়ার সঙ্গে দাম আরও কমার আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমি থেকে ২ লাখ ৬ হাজার ৬৮৭ টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত ও পোকামাকড়ের উপদ্রব কম থাকায় হাইব্রিড ও স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।
তুলারামপুর হাটে নতুন ১৬, ১৯ ও ধানীগোল্ড ধান মণপ্রতি ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং পুরোনো রড মিনিকেট বিক্রি হচ্ছে ১ হাজার ২৮০ টাকায়। কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচই উঠছে না। দেনা, শ্রমিকের মজুরি ও জরুরি ব্যয় মেটাতে তারা নতুন ধান বিক্রি করছেন; দাম আরও কমার ভয়ে অনেকে মজুত পুরোনো বোরো ধানও বাজারে ছাড়ছেন।