চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানা স্থাপনের নামে সাগর থেকে বালু তুলে কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশাসন ব্যস্ত থাকাকালে একটি চক্র শত শত একর আবাদি জমি নষ্ট করেছে। সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর এলাকায় দুইটি স্কেভেটর দিয়ে জমি কেটে ৪০–৫০ ফুট উঁচু করে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, এসব জমি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট হোসাইন আশরাফ বলেন, কৃষিজমি কেটে মাটি বিক্রি ও সাগর থেকে বালু তুলে জমি ভরাটের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একইভাবে বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় ‘অটোমেশন ইঞ্জিনিয়ারিং’ নামে একটি প্রতিষ্ঠান প্রায় এক শত একর জমি ভরাট করছে বলে অভিযোগ উঠেছে, যা জলাবদ্ধতা ও স্থানীয় মসজিদ ও বিদ্যালয়ের ঝুঁকি তৈরি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত অবৈধ ভরাট বন্ধ ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, নইলে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।