বাংলাদেশ সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সরকার নয়টি নতুন নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক উপস্থিত ছিলেন বলে অনুমোদিত কার্যবিবরণী সূত্রে জানা গেছে।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ে যানবাহনের প্রবেশ, অবস্থান ও পার্কিং নিয়ম পুলিশি পর্যবেক্ষণে রাখা এবং বিশেষ পার্কিং স্টিকার চালু করা। দর্শনার্থীদের প্রবেশ-পরবর্তী গতিবিধিও নিয়মিত তদারক করা হবে। ১ নম্বর ভবনসহ প্রতিটি ভবনে অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের প্রবেশ যাচাইয়ে পৃথক ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থা বসানো হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দ্রুত এ উদ্যোগ নেবে।
রাতে সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ থাকবে, তবে বিশেষ বা জরুরি প্রয়োজনে পূর্বানুমোদন লাগবে। বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন চালু হবে। পদভেদে দৈনিক দর্শনার্থী পাসের সীমা নির্ধারণ করা হয়েছে এবং দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। বদলির আদেশ কার্যকরের সাত দিন পর স্থায়ী পাস বাতিল হবে। এমপিরা ব্যক্তিগত গাড়িতে শুধু পিও ও চালককে সঙ্গে নিতে পারবেন।