আফগান ব্যবসায়ী প্রতিনিধি ও বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানি করা হবে। আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মাওলভী আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসে এই চুক্তিতে পৌঁছায়। আফগান বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রতিনিধিদলটি বাংলাদেশের দুই বৃহৎ ওষুধ কোম্পানি—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেনাটা পিএলসি—পরিদর্শন করেছে।
বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ রপ্তানিকারক, যারা বর্তমানে প্রায় ৫০টি দেশে ওষুধ সরবরাহ করছে। সফরকালে মাওলভী জাহিদ বাংলাদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান এবং বলেন, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান শিল্প ও উৎপাদন খাতকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছে।
এছাড়া আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ ও স্বাস্থ্য পণ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি জানান, বিদ্যমান নীতিমালা অনুযায়ী বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।