চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সিএনএনের খবরে বলা হয়, ইসরাইলি সূত্রের বরাতে জানা গেছে, ইরানের জ্বালানি অবকাঠামো ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন ধাপের হামলার প্রস্তুতি চলছে। এই পরিকল্পনার বেশিরভাগ অংশ গত এপ্রিল মাসে যুদ্ধবিরতির ঠিক আগে নির্ধারণ করা হয়েছিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে।
এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, মার্কিন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কয়েকটি নৌযান ধ্বংস হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া ইরানি নৌযানকে লক্ষ্য করেছিল। ইরান যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের জন্য দায়ী করেছে এবং সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে হরমুজ প্রণালি বন্ধ হতে দেওয়া হবে না। সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৪ ডলারের ওপরে উঠেছে।