এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) তার প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিম চিঠিটি রিটার্নিং কর্মকর্তার হাতে তুলে দেন। চিঠিতে নির্বাচনি প্রচারে বাধা, হামলা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন-পরবর্তী হামলার বিচার ও প্রতিকার চাওয়া হয়েছে। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
চিঠিতে মঞ্জু অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নে তার প্রচারে বাধা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট অন্যায়ভাবে জরিমানা করেছেন, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে এবং নারী কর্মীদের গালিগালাজসহ ভোটারদের হুমকি দেওয়া হয়েছে। ১৪টি লিখিত অভিযোগের মধ্যে রয়েছে লেমুয়া ইউনিয়নে তার ওপর হামলার চেষ্টা, প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর, বিএনপি নেতাকর্মীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ককটেল হামলার ঘটনা।
তিনি এসব ঘটনার তদন্ত ও ‘ঈগল’ প্রতীকের ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। চিঠির অনুলিপি নির্বাচন কমিশন, আইজিপি, বিভাগীয় কমিশনার ও ফেনীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।