অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছরের বাজেটে কোনো পেশার মানুষ বাদ পড়েনি এবং এটি নাগরিকদের জীবনযাত্রার চাহিদা বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, এ বাজেটের প্রেক্ষাপট ভিন্ন, কারণ দীর্ঘ ফ্যাসিস্ট শাসন ও অন্তর্বর্তী সরকারের সময়ে বাজেটে জনগণের প্রতিফলন ঘটেনি। ফেব্রুয়ারিতে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা বেড়েছে, এবং সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ বাজেট তৈরি করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগে অর্থনীতি কিছু গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সীমিত সম্পদের মধ্যেও সবার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।