নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে ভূমি ও উন্নয়ন দপ্তর। ১৯ অক্টোবর জারি করা নোটিসে কর্তৃপক্ষ বলেছে, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত। এর আগে ৭ অক্টোবর মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জমিয়তে উলামায়ে হিন্দের দাবি, মসজিদটি নয়াদিল্লি পৌর পরিষদের ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাভুক্ত। সংগঠনটি মসজিদ ও পাশের কবরস্থান রক্ষায় কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ চেয়েছে। আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙাসহ কোনো পদক্ষেপ না নেওয়ার দাবিও জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিজিজু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন অভিযোগ করেছেন, ছয় মাস ধরে দিল্লি ওয়াকফ বোর্ডে আবেদন করেও তিনি কার্যকর পদক্ষেপ পাননি। তাঁর দাবি, ২০২১ সালের জরিপে মসজিদটিকে অবৈধ স্থাপনা বা দখল হিসেবে চিহ্নিত করা হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবনসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানও চলছে; দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে বস্তিবাসীদের প্রায় ৪৫ কিলোমিটার দূরের সাভদা ঘেওরা পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরের অনুমতি দিয়েছেন।