ইরান যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ এবং রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডনের কথিত শত্রুতামূলক কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং নতুন স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬-এর আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাব এটি। গত এক বছরে যুক্তরাজ্যের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে। গত জুলাইয়ে যুক্তরাজ্য নতুন আইনের অধীনে আইআরজিসিকে তালিকাভুক্ত করে। আইনটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়। যুক্তরাজ্যে আইআরজিসিকে সহায়তা বা সমর্থন করলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। এই ঘোষণায় তেহরান ও লন্ডনের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।