বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ২০২৬ সালের আগস্ট মাসের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি আরও বলেন, ২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন করার আশা করছে সরকার। শুক্রবার (১২ জুন) পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত ‘পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তিতে বিনিয়োগ জাতীয় উন্নয়ন, উদ্ভাবন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে এর সঙ্গে দায়িত্বশীলতা ও নিরাপত্তা সংস্কৃতি নিশ্চিত করাও জরুরি। তিনি উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল রূপপুর কেন্দ্রে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।
মন্ত্রী আরও জানান, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।