ভারতের মুম্বাইয়ের জিনিয়া চ্যাটার্জি ওয়েকফিটের পঞ্চম ‘স্লিপ ইন্টার্নশিপ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি এবং স্পনসরড অবকাশ যাপনের সুযোগ পেয়েছেন। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা টানা ৬০ দিন চলেছে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১০ জন এতে অংশ নেন।
দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রতিযোগীদের বাছাই করা হয়। ইন্টার্নশিপটি শুধু ঘুমানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না; অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা, ঘুমের সময় ও মান পর্যবেক্ষণ এবং সাপ্তাহিক সৃজনশীল চ্যালেঞ্জ সম্পন্ন করতে হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও ভিন্নধর্মী কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাই করা হয়।
চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল ‘স্লিপ সিনেমা’, যেখানে জনপ্রিয় চলচ্চিত্রের দৃশ্যে ঘুমের অনুষঙ্গ যোগ করে নতুন উপস্থাপনা করা হয়। ‘স্লিপ বিঙ্গো’তে পুরো সপ্তাহের ঘুমের অভ্যাস পর্যালোচনা করা হয়। ‘আন্ডারকভার স্লিপ মিশন’-এ কথোপকথনে ‘ব্ল্যাঙ্কেট’ বা ‘পিলো’ শব্দ ১০ বার কৌশলে ব্যবহারের চ্যালেঞ্জ ছিল। চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী স্মৃতিশক্তি পরীক্ষা, নিলামে সামগ্রী কেনা ও শেষ রাতের ঘুমের মান পর্যবেক্ষণে অংশ নেন। সর্বোচ্চ স্কোর করে জিনিয়া জয়ী হন।