জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অবিলম্বে কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, এই সংকটে তৈরি পোশাকসহ পুরো শিল্প খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, বিজিএমইএ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন যে চাহিদামতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় তাদের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে গেছে। উৎপাদন কমলে ব্যাংকঋণ পরিশোধ ব্যাহত হবে, শ্রমিক ছাঁটাইয়ের পরিস্থিতি তৈরি হবে এবং আন্তর্জাতিক বায়ারদের অর্ডার বাতিল হয়ে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে। ছয় মাসের বৈশ্বিক সাপ্লাই চেইন সংকটের মধ্যেও সরকার বিকল্প ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে-বিদেশে অভিজ্ঞ একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম সরকারকে বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করা হলেও তা গুরুত্ব পায়নি। গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষকের সার সরবরাহ নিশ্চিত করার ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল দ্বিতীয় ধাপের লংমার্চ কর্মসূচি চলবে বলে তিনি জানান।