ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু আব্দুল আহাদ, খালিদ সাইফুল্লাহ ও তামিম শিকদারের পরিবারের সদস্যরা অবহেলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে তিন শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়নি এবং সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ করা হয়নি বলে পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। তবে ভাঙ্গায় তিন শহীদের কবরস্থানে কোনো ফুলেল শ্রদ্ধা জানানো হয়নি। উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে সকাল ১১টায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনাসভা হলেও সেখানে কোনো শহীদ পরিবারের সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শহীদ আহাদের চাচা মোকলেছুর রহমান বলেন, জেলা প্রশাসকের অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও উপজেলা প্রশাসন বা অন্য কোনো সংগঠন খোঁজ নেয়নি। তিনি আহাদ হত্যার বিচার এবং মামলার পুনঃতদন্ত দাবি করেন; পরিবারের অভিযোগ, তদন্ত কর্মকর্তা অজ্ঞাত আসামি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দলের আলোচনাসভা স্থগিত হওয়ায় পরিবারগুলোকে জানানো সম্ভব হয়নি।