প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবারের চট্টগ্রাম সফর নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের ২০ হাজারের বেশি সদস্য নগর ও জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
মূল কর্মসূচিস্থল জে এম সেন হল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল প্রশিক্ষিত স্নিফার ডগ নিয়ে মণ্ডপ পরিদর্শন করেছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবেন এবং গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল ও প্রধানমন্ত্রীর যাতায়াতসংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালানো হবে।
এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হচ্ছে। চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপকেও নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। টহল, পরিদর্শন ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুজব, অপতথ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করা হচ্ছে।