অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) বাংলাদেশ ব্যাংকের কাছে ১৪টি ব্যাংকিং সেবায় নতুন ফি আরোপের প্রস্তাব জমা দিয়েছে। বর্তমানে যেসব সেবা বিনামূল্যে দেওয়া হয়, সেগুলোর পাশাপাশি হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ প্রক্রিয়াকরণ, ঋণপত্র, ব্যাংক গ্যারান্টি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার ও সলভেন্সি সার্টিফিকেটের মতো বিদ্যমান সেবার চার্জও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে আমানতকারী, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও ঋণগ্রহীতাদের ব্যাংকিং ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
প্রস্তাব অনুযায়ী, নিষ্ক্রিয় হিসাব পুনরায় চালু করতে ৫০০ টাকা ফি এবং নির্দিষ্ট সীমার বেশি নগদ উত্তোলনে নতুন চার্জ আরোপের কথা বলা হয়েছে। ঋণ ব্যবস্থাপনা, পুনঃতফসিল ও আগাম পরিশোধের ক্ষেত্রেও চার্জ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এবিবি জানিয়েছে, ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি, পরিচালন ব্যয় ও প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের কারণে বর্তমান চার্জ কাঠামো পুনর্বিবেচনা প্রয়োজন।
এবিবি আরও প্রস্তাব করেছে, পরিচালন ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত চার্জ সমন্বয়ের সুযোগ রাখা হোক।