বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের ১৪টি পয়েন্টে যান চলাচল বন্ধ বা ডাইভারশন কার্যকর থাকবে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল চার্চ, হাইকোর্ট (পশ্চিম), নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
যানজট এড়াতে ডিএমপি বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। মিরপুর-ফার্মগেট, গোলাপশাহ মাজার-হাইকোর্ট ও সায়েন্সল্যাব অভিমুখী যানবাহনের জন্য নির্দিষ্ট বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। এছাড়া নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা এবং আবদুল গণি রোডসহ কয়েকটি স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্যাপনের আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।