আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন) ঘিরে বড় বিতর্কের মধ্যে সেনেগাল জাতীয় ফুটবল দল আইনি লড়াইয়ে নেমেছে। জানুয়ারিতে ফাইনাল জয়ের দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আপিল বোর্ডের সিদ্ধান্তে তাদের শিরোপা বাতিল করে মরক্কোকে ৩–০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। মাঠে খেলোয়াড়দের সাময়িকভাবে মাঠ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সেনেগালকে ফাইনালের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে সেনেগাল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আপিল করেছে।
সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, সিএএফের রায়ের বিস্তারিত ব্যাখ্যা দেরিতে পাওয়ায় আপিলের সময় বাড়ানোর প্রয়োজন হয়েছিল। পাশাপাশি সেনেগাল সরকারও ‘সন্দেহজনক দুর্নীতি’র অভিযোগে আন্তর্জাতিক তদন্তের আবেদন করেছে। সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব জানিয়েছেন, সকল পক্ষের ন্যায্য শুনানি নিশ্চিত করে দ্রুত মামলার নিষ্পত্তি করা হবে, যদিও চূড়ান্ত রায় পেতে কয়েক মাস সময় লাগতে পারে।
১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা ও বিশৃঙ্খলার পর থেকেই এই বিরোধের সূত্রপাত হয়, যা এখন আদালতের রায়ে গড়িয়েছে।