অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ মিত্র ল্যান্ডার জানান, বেথলেহেমের পশ্চিমে রাব্বি ও স্বেচ্ছাসেবকদের একটি দলের সঙ্গে তাকেও আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যান্ডার বলেন, আন্তর্জাতিক আইনে দখলদারত্ব অপরাধ হলেও জলপাই সংগ্রহ কোনো অপরাধ নয়। পরে তিনি জানান, তার পরিচিতি ও প্রভাবের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিদিন আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হন। ফিলিস্তিনি আন্দোলনকারী আমিরা মুসলিম আনাদোলুকে বলেন, হুসান শহরে ল্যান্ডারসহ ৪৫ বিদেশি স্বেচ্ছাসেবক ও ২৫ ইসরাইলি আন্দোলনকারীকে আটক করা হয়।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক নাটক’ বলে উল্লেখ করে জানায়, ল্যান্ডার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা উপেক্ষা করেছিলেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, জমির মালিক প্রয়োজনীয় অনুমতি চাননি এবং বসতির কাছে সমন্বয় ছাড়া জলপাই সংগ্রহ নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাদের মতে, নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ সমন্বয় প্রয়োজন।