ইসরাইলি অভিনেত্রী ও দেশটির সাবেক সেনাসদস্য গাল গাদত সাইমন উইজেনথাল সেন্টারের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে কাঁদেন। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ দ্রুত ছড়িয়ে পড়ছে। ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করেন, মানুষ যদি ঘৃণার কথা শুনতে ও দেখতে দেখতে তা উপেক্ষা করতে অভ্যস্ত হয়ে যায়, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে।
তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকদের বক্তব্য, ইসরাইলি সরকারের নীতি ও গাজায় সামরিক অভিযানের বিরোধিতা করাকে ইহুদি জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষের সঙ্গে এক করে দেখা উচিত নয়। একজন ব্যবহারকারী বলেন, তারা ইসরাইল সরকারের বিরোধিতা করেন, ইহুদি জনগোষ্ঠীর নয়।
সমালোচকদের দাবি, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের মতে, এসব ঘটনার প্রতিবাদ থেকেই বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। আইডিএফের সাবেক সদস্য গাদত অতীতেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন সমর্থনের অভিযোগে সমালোচিত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।