২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল সোমবার বেলা ৩টায় প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবেন।
ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং https://eduboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া আবেদনকারীদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
বোর্ডভিত্তিক আবেদনে শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।