মুন্সীগঞ্জ জেলা কারাগারে দেশের প্রথম সম্পূর্ণ ক্যাশলেস কারা ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে, যেখানে কোনো নগদ টাকা ব্যবহার করা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল-ফরহাদ।
কারা সূত্র জানিয়েছে, আধুনিক ও সুরক্ষিত এই ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের অবস্থান সহজে শনাক্ত করা যাবে এবং বন্দি ওয়ার্ডে নির্ভুল গণনা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন নিয়মে বন্দিদের আত্মীয়রা ভার্চুয়ালি নির্দিষ্ট হিসাবে অর্থ জমা দিতে পারবেন, যা বন্দিরা আরএফআইডি কার্ডের মাধ্যমে কারা ক্যান্টিনে ব্যবহার করতে পারবেন।
কারা কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে কারাগারে দুর্নীতি ও অনিয়ম রোধ হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বন্দিদের অর্থের নিরাপত্তা নিশ্চিত হবে।