পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন স্থানে ক্রেতাদের দীর্ঘলাইন ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিক্রিতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে ভিড় জমায় শত শত মানুষ। ধাক্কাধাক্কি ও হাতাহাতির মধ্য দিয়ে অনেকেই পণ্য কেনার চেষ্টা করলেও অনেকে দীর্ঘ অপেক্ষার পরও খালি হাতে ফিরে যান। বিক্রয় কার্যক্রমটি শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া ১২ মার্চ পর্যন্ত চলবে।
সচিবালয়ের উল্টো দিকে তোপখানা রোড, সুরিটোলা স্কুল, সচিবালয়ের সামনে ও কারওয়ানবাজার এলাকায় একই ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে। ক্রেতারা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তি ও নেতাদের পরিচিতরা একাধিকবার পণ্য কিনছেন, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এক পত্রিকা হকার বলেন, বিক্রির কোনো নিয়মনীতি না থাকায় পুরো সময় জুড়ে বিশৃঙ্খলা চলছে এবং শৃঙ্খলা ফেরাতে সরকারের পদক্ষেপ প্রয়োজন।
টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন ক্রেতা ৫৯০ টাকায় পাঁচটি পণ্যের প্যাকেজ কিনতে পারেন। এতে রয়েছে ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও আধা কেজি খেজুর। সারাদেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।