জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। উপজেলা আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি মোকারম হোসাইন এবং জেলা ছাত্রশিবির সভাপতি আমির আহমেদসহ অন্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের পথ বন্ধ হবে। তারা অভিযোগ করেন, একটি মহল এ সনদ বাস্তবায়ন চায় না এবং গণভোটের রায় মানতে অনিচ্ছুক। সরকারের প্রতি দ্রুত গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, তাদের দাবি অনুযায়ী ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে।