ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন গবেষকদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে রিয়াদ প্রদেশের আল-দাওয়াদিমি ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রে অবকাঠামো সম্প্রসারণের তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকদের ধারণা, সেখানে বেশি পাল্লার এবং ভারী ওয়ারহেড বহনে সক্ষম সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি চলছে; এ কাজে চীনের সহায়তা থাকতে পারে।
সৌদি আরব ১৯৮০-এর দশকে চীন থেকে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে এবং ২০০৭ সালে আরও উন্নত ডিএফ-২১ ক্ষেপণাস্ত্র নেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে চীনের সহায়তায় দেশটিতে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা কমানো এবং ইরান ও হুথিদের মোকাবিলায় নিজস্ব দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা গড়ে তোলাই রিয়াদের অন্যতম লক্ষ্য।
গত সেপ্টেম্বরে ইয়েমেনে চীনা নকশার ডিএফ-১৫এ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার ঘটনা সৌদির সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে, তবে তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য নির্ভুল লক্ষ্য শনাক্তকরণ ও উন্নত গোয়েন্দা সক্ষমতা বড় চ্যালেঞ্জ। এই সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।