ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, সরকার একটি ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করবে এবং গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, প্রধানমন্ত্রী রমজানে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশনের প্রস্তাব হাতে রয়েছে এবং তা নিয়ে কাজ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী প্রত্যেক মন্ত্রণালয়কে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন। শ্রম প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্ত দৃশ্যমান কাজ ও মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।