রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট। এসআরইউ সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআরইউ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে। সন্দেহজনক গতিবিধি এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, ২৮; আশিক, ২৬; আব্দুল্লাহ রাহুল, ১৯; এবং বেলায়েত হোসেন, ৩০।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।